২৯ এপ্রিল ২০২৬ - ১০:৫৮
পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে জাতিসংঘে বাংলাদেশের জোরালো আহ্বান

পারমাণবিক নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বৈশ্বিক অঙ্গীকার নবায়ন এবং সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি’ (এনপিটি)-এর ১১তম পর্যালোচনা সম্মেলনের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এই আহ্বান জানানো হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশের পক্ষে এ বক্তব্য তুলে ধরেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার আট দশক পার হলেও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। পারমাণবিক অস্ত্রের অব্যাহত বিস্তার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বৈশ্বিক উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করছে বলেও তিনি সতর্ক করেন।

নিরস্ত্রীকরণের প্রতি বাংলাদেশের সুদৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বাংলাদেশ দীর্ঘ সময় ধরে পারমাণবিক ও প্রচলিত—উভয় ধরনের অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে সোচ্চার। এমনকি একটি পরমাণু অস্ত্রধারী অঞ্চলে অবস্থান করেও বাংলাদেশ স্বেচ্ছায় নিজেকে ‘অ-পারমাণবিক রাষ্ট্র’ হিসেবে ধরে রেখেছে, যা বিশ্বশান্তির প্রতি আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

বক্তব্যে রাষ্ট্রদূত এনপিটি-এর অনুচ্ছেদ-৬ অনুযায়ী পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোকে তাদের আইনগত বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানান। একই সঙ্গে নিরস্ত্রীকরণ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিসমূহের সর্বজনীনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, গঠনমূলক সংলাপ, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সমন্বিত বৈশ্বিক উদ্যোগের মাধ্যমেই কেবল পারমাণবিক হুমকিমুক্ত একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও নিরাপদ বিশ্ব নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha